আজকাল ওয়েবডেস্ক: সৈকতের মিষ্টি হাওয়া আর সমুদ্রের গর্জন নিমেষে ঢেকে গেল আগুনের লেলিহান শিখা ও আর্তনাদে। শনিবার ভোরে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেমে এল এমনই এক ভয়াবহ বিপর্যয়। ইনানীর সমুদ্র সৈকত সংলগ্ন একটি রিসোর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন পর্যটকের। মর্মান্তিক এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৬ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’ নামে সম্পূর্ণ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি তিনতলা ভবনে শনিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ আচমকাই আগুনের সূত্রপাত হয়। দাহ্য উপাদান দিয়ে তৈরি হওয়ায় চোখের পলকে গোটা রিসোর্টে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ ও আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘটে গেছে চরম ট্র্যাজেডি। পুলিশ প্রথমে ছয়জনের দেহ উদ্ধারের খবর নিশ্চিত করলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দশে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দশজনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এমন মনোরম এক রিসোর্টে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ছুটির আমেজে সমুদ্রের সান্নিধ্য পেতে এসে এমন মর্মান্তিক পরিণতির সাক্ষী হতে হবে, তা ভাবতেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
