রাজধানীর আসাদগেট এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলোÑ আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, শুক্রবার দুপুরে এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ হোন্ডা মোবাইল ডিউটি করার সময় আসাদগেট এলাকায় অভিযান চালান। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই তিনজনকে দুটি ধারালো চাকুসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নাম-ঠিকানা ও পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। কখনো দিনের বেলা, কখনো সন্ধ্যার পর তারা মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করে। আবার আশপাশের থানাগুলোর বিভিন্ন এলাকায় ঘুরেও ছিনতাই করে। এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য মিলেছে। গ্রেপ্তার হলেও এরা কিছুদিন পর নির্দিষ্ট আইনজীবীদের সহযোগিতায় জামিনে বেরিয়ে আসে। জামিনে আসার পর আবার ছিনতাই করে এবং সেই টাকা দিয়ে তারা জামিনের বকেয়া টাকা পরিশোধ করে। বাকি টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। এদের অধিকাংশ বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত।