প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন দেয়ার আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া উপজেলার বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তাদের সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়নের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিতেন তিনি।
এসপি আরও বলেন, এসব আশ্বাস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ দাবি ও আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে পুলিশ সিংড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার।
তিনি আরও জানান, আবু হুরায়রা এর আগে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।
