কালবেলা · সাধারণ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
২৪/১০/২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।
তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মূল প্রতিবেদনে যান ↗