ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আগামী মাস থেকে আবার শুরু করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বিজ্ঞাপন
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি রাজকীয় প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুতিনের সঙ্গে এটি ছিল উইটকফের নবম সরাসরি বৈঠক।
বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া অবসরপ্রাপ্ত মার্কিন স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। তাঁকে মুক্তি দিতে পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দিচ্ছে কি না, তা নিয়ে কিয়েভ ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। অভিযোগ উঠেছে, রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ কখনো কখনো আটকে রাখছে ওয়াশিংটন। একই সঙ্গে ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নতুন আলোচনা সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পর সামনে এল।
ক্রেমলিন জানিয়েছে, প্রস্তাবিত ত্রিপক্ষীয় আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা আয়োজনের সম্ভাবনা রয়েছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। আগামী ১০ নভেম্বর বা এর পর যেকোনো সময় আলোচনা শুরু হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে আগের দিন অসলোতে উইটকফের বৈঠকের ফল নিয়ে ক্রেমলিন খুব একটা আশাবাদী নয়।
বিজ্ঞাপন
উইটকফ পুতিনকে জানিয়েছেন, ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।
তবে সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার কিছু বিষয় রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।
ট্রাম্প, পুতিন ও শির বৈঠকের সম্ভাবনা
সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে। তবে ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে কোনো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ বাড়িয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করার সময় এসেছে। তা না হলে দেশটিকে ‘খুব খারাপ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সূত্র: রয়টার্স
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
