৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব কেবল একদিনের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ২০০৯ সাল থেকে চলা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে যে 'জুলাই জাতীয় সনদ' তৈরি হয়েছে, তা আমাদের জাতীয় জীবন পরিচালনার মূল দিকনির্দেশনা প্রদান করে। রক্তাক্ত এই গণ-অভ্যুত্থানের ইতিহাস দেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাইয়ের চেতনাকে শুধু বাৎসরিক উদযাপনে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও সংস্কৃতিতে ফুটিয়ে তোলার আহ্বান জানান তিনি। মন্ত্রী জোর দিয়ে বলেন, শহীদের রক্তের অঙ্গীকার এবং জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
জাতীয় সনদের আইনি ও সাংবিধানিক রূপদান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করেছে। এর কিছু বিষয় আইনের সঙ্গে এবং কিছু অংশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত। স্থায়ী শাসনতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে তিনি খেদ প্রকাশ করে বলেন, প্রধান বিরোধী দল সংস্কার বা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রত্যাশিত সহায়তা করছে না।
বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, জুলাই বিপ্লবের স্বপ্নকে ধারণ করে নতুন প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন, তা ধাপে ধাপে বাস্তবায়িত করা হচ্ছে। শহীদদের সমস্ত চাওয়া-পাওয়াকে সেই পরিকল্পনায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।
