মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৩ মার্চ আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৪ ব্যাচের একজন পেশাদার কর্মকর্তা হিসাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে যোগদান করেন।
তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রশাসক হিসাবে যশোর ও চাঁদপুরে সফলভাবে দায়িত্ব পালন করেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করাসহ ডাম্পিং পোস্টিংয়ে ফেলে রাখা হয়।
তিনি দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও বোর্ড অব ইনভেস্টমেন্টে (বিওআই) দায়িত্ব পালন করেন।
নির্যাতিত কর্মকর্তা বিবেচনায় চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভূতাপেক্ষভাবে তিনি অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি লাভ করেন।
