Published on
:
1 min read
এই সময়, কালনা: প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ১৬ বছরের এক কিশোর। কালনা শহরের ঠাকুরপাড়ার বাসিন্দা ওই কিশোরের নাম সুরজিৎ অধিকারী। বৃহস্পতিবার কালনা ফেরিঘাটে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
প্রশাসনের তরফে নিরঞ্জনের জন্য মহিষমর্দিনী ও মিলিটারি ঘাট নির্দিষ্ট করা থাকলেও নজরদারি এড়িয়ে কী ভাবে ফেরিঘাটে প্রতিমা বিসর্জন হচ্ছিল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত কিছু মানুষ ফেরিঘাটের কার্যালয়ে ভাঙচুর চালায়, যার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ভাঙচুরের জেরে ক্ষুব্ধ ইজারাদারি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় দু’পাড়ের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। পরে প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার দুপুর দুটোর পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কালনার মহকুমাশাসক বিনায়ক কুমার ও কালনা থানার আইসি রঞ্জিত মুখোপাধ্যায়-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুক্রবার পরিস্থিতি পরিদর্শনে যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) প্রতীক সিংহও। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট করা দু’টি ঘাটের বাইরে অন্য কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না।
এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি মৌসুমি মণ্ডল বলেন, ‘ওই কিশোর সাঁতার জানত না। ফেরিঘাটে প্রতিমা নিরঞ্জনের অনুমতি না থাকা সত্ত্বেও তা করা হচ্ছিল।’ কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, নিখোঁজ কিশোরের খোঁজ চলছে। প্রশাসন ও পুলিশ নিখোঁজ কিশোরের তল্লাশি অব্যাহত রেখেছে।
