স্বামী আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিটি ঘিরে তাঁর পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা হলেও অভিনেত্রীর দাবি, এই কাজের জন্য বড় অঙ্কের অর্থ পাওয়ার খবর সত্য নয়।
সম্প্রতি মারাঠি কুইজ অনুষ্ঠান ‘কোন হোনার কোটিপতি’-তে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন ইয়ামি। নিজের আগামী হরর-কমেডি সিনেমা ‘নয়ী নবেলী’র প্রচারে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে সঞ্চালক মাধুরী দীক্ষিত জানতে চান, স্বামীর সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন, নাকি ভালোবাসার খাতিরে কাজ করেছেন।
জবাবে ইয়ামি জানান, তিনিও কোথাও পড়েছিলেন যে এই চরিত্রের জন্য তাঁকে বড় অঙ্কের চেক দেওয়া হয়েছে। খবরটি দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন।
অভিনেত্রী বলেন, কিছু বিষয় সত্যিই অমূল্য। আদিত্য তাঁকে ভালোবেসে ছবিতে উপস্থিত থাকতে বলেছিলেন, যাতে তিনি পরিচালকের জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে আসেন এবং পর্দায় দর্শকের নজর কাড়েন।
ইয়ামির ভাষায়, এমন একজন সেরা পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটাই ছিল তাঁর কাছে প্রকৃত পারিশ্রমিক।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় ইয়ামি গৌতমকে শাজিয়া বানো নামের এক নার্সের চরিত্রে দেখা যায়। গল্পে তিনি পাকিস্তানে ছদ্মবেশে থাকা একজন ভারতীয় গোপন এজেন্ট। ছবিতে তাঁর উপস্থিতি অতিথি চরিত্র হলেও তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
