ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশ দেন তিনি।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর জোর দেওয়া হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
The post ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on লোকসমাজ.
