‘ভাষা যেমন জাতির প্রাণ, শিক্ষা তেমনি শিশুর প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন ওয়াহিদ মুরাদ লাবু।
তিনি নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ওয়াহেদ মুরাদ লাবু। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতে সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ওয়াহিদ মুরাদ লাবু বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী দিনেও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদের যত্ন ও পরিচর্যা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে নাজিরপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
