যশোরে নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলের গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছেন বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৩/১০/২০২৬
