জাপানের কৃষিমন্ত্রী পদত্যাগ করেছেন
জাপানের কৃষিমন্ত্রী ইয়ানা কাযুও পদত্যাগ করেছেন। সড়ক সংক্রান্ত বাজেট বরাদ্দ নিয়ে মন্তব্য এবং সম্ভাব্য নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগের কারণে সাম্প্রতিক দিনগুলোতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।
বুধবার সন্ধ্যায় ইয়ানা প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন যে, সংসদের কার্যক্রমে আরও বিঘ্ন যাতে না ঘটে, তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন।
সেপ্টেম্বরে মন্ত্রিসভায় যোগদানের আগে মে মাসে ইয়ানা তার নিজের জেলা তোচিগিতে এক সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেন, দুজন মেয়র যারা তাকে রাজনৈতিকভাবে সমর্থন করেননি, তাদের নেতৃত্বাধীন দুটি পৌরসভার সড়কের জন্য বরাদ্দ বাজেট তিনি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন।
ইয়ানা গত সপ্তাহে এই মন্তব্যগুলো প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন।
তবে বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি অব্যাহত রাখে। তাছাড়া এমন উদ্বেগও দেখা দেয় যে, তিনি হয়তো সরকারি পদে নির্বাচন সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তিনি অতীতে নিম্নকক্ষ নির্বাচনের প্রচারাভিযানের সময় তার সমর্থকদের জন্য বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থাও করেছিলেন। বিরোধীরা দাবি করছে যে এটি বেআইনি হতে পারে।
তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার মন্ত্রিসভা থেকে কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকাইচি বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে ইয়ানাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তার যে দায়, সেটি তিনি "অত্যন্ত গুরুত্ব সহকারে" নিচ্ছেন।
বৃহস্পতিবার তাকাইচি ইয়ানার স্থলাভিষিক্ত করার জন্য তাকেবে আরাতার নাম ঘোষণা করেছেন। ৫৬ বছর বয়সী তাকেবে নিম্নকক্ষে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন আইনপ্রণেতা।