মোঃ হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নে সরকারি উন্নয়নমূলক খাল খনন ও প্লাসিটিংয়ের কাজে বাঁধা প্রদান, চাঁদাবাজি এবং ভাঙচুরের মারাত্মক অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিন্টু ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হারাটী ইউনিয়নের ফরিং এর দিঘি এলাকার আটবিল ও ঢাকনাই মৌজায় খাল খনন এবং খালের দুইধারে প্লাসিটিংয়ের কাজ চলমান রয়েছে। গতকাল রবিবার বিকেলে কাজ চলাকালে হঠাৎ সেখানে স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কাজের স্থানে প্রবেশ করে। এ সময় তারা উন্নয়নমূলক কাজ বন্ধ করার হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্লাসিটিংয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ইট ভেঙে ফেলে এবং ধ্বংসস্তূপে পরিণত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত চৌকিদার তাদের এই অন্যায় কাজে বাধা দিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয় এবং তার উপর হামলা চালায়। পরবর্তীতে হামলাকারীরা চৌকিদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে উদ্যত হয়। তবে স্থানীয় এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও ধাওয়ার মুখে তারা সটকে পড়তে বাধ্য হয়, ফলে বড় ধরনের অঘটন থেকে রক্ষা পায় পরিবারটি।
এ বিষয়ে খাল খনন তদারকি কমিটির সদস্য ও হারাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম জানান, ছাত্রলীগ নেতা মিন্টু দীর্ঘদিন ধরে বিএনপি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও জানান, মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের সক্রিয় রাখতে বিভিন্ন সময় বেনামে ও ‘ছাত্রলীগ একাত্তর’ নামের ফেসবুক পেজ খুলে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি যথানিয়মে গভীর করে খনন এবং স্লাব ও পাইলিংয়ের মাধ্যমে মানসম্মত প্লাসিটিং করা হচ্ছে, যা এলাকার কৃষকদের বহুদিনের কষ্ট দূর করবে। তারা স্পষ্টভাবে জানান, যেহেতু খাল খননের কাজটি সঠিক ও মানসম্মত করা হচ্ছে তাই প্রকল্পের কাজের টাকা থেকে কোনো ধরনের চাঁদাবাজি বা বখরা দেওয়া সম্ভব না।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানান, জেলা বিএনপির অভিভাবক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দিক-নির্দেশনায় যখন এলাকার ভাগ্য পরিবর্তনের কাজ চলছে, তখন গোপনে গা ঢাকা দিয়ে থাকা এসব নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। অবিলম্বে এদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
