
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন। কমিটিতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে উপদেষ্টা করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ৪১ সদস্যবিশিষ্ট মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। কমিটিতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে উপদেষ্টা করা হয়েছে।
কমিটির অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা বাবু দীনেশ মণ্ডলকে।
কমিটিতে উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন জলীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মণ্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজলা মজুমদার, কাশালিয়ার সাবেক চেয়ারম্যান বাবু সন্তোষ বাড়ৈ, সাবেক চেয়ারম্যান বাবু অশোক মৃধা, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বাটিকামারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির মণ্ডল এবং জলীরপাড় বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ শমীর শাখারী।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চিন্তাহরণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল মণ্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল শেখ ও বিএনপি নেতা রানা ঠাকুর কমিটিতে রয়েছেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এ বছর মুকসুদপুর উপজেলায় রেকর্ডসংখ্যক ৩০৭টিরও বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে। বিপুলসংখ্যক মণ্ডপে পূজা আয়োজনকে কেন্দ্র করে উৎসবের সার্বিক পরিবেশ বজায় রাখা, মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
কমিটি গঠনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
