দুর্গাপুজো ২০২৭ কবে?ছবি: iStock
Published on
:
2 min read
আজ বিজয়া দশমী। শেষ হলো এই বছরের দুর্গাপুজো। পঞ্জিকা অনুসারে ২১ অক্টোবর বুধবার পালিত হচ্ছে বিজয়া দশমী। শারদীয়ার উৎসব শেষে ফিরছেন উমা, বাঙালির ঘরে তাই বিষাদের ছোঁয়া। মায়ের আগমনের জন্য আবার এক বছরের অপেক্ষা করতে হবে। বাঙালির মনে অবশ্য এই বছরের দশমী থেকেই শুরু হয়ে যায় পরের বছরের জন্য দিন গোনা। জেনে নেওয়া যাক আগামী বছর, ২০২৭ সালের দুর্গাপুজো কবে শুরু হবে ও তার বিস্তারিত দিনক্ষণ।
এই বছর দুর্গাপুজোয় ছিল দু’দিন সপ্তমী। আনন্দের খবর হলো আগামী বছরেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছয় দিন ধরে পুজো চলবে। আগামী বছর দু’দিন ধরে পালিত হবে অষ্টমী। এই বছর পুজো হলো অক্টোবরের মাঝামাঝি সময়ে। আগামী বছর পুজো এগিয়ে আসবে। ৫ অক্টোবর ২০২৭-এ পালিত হবে পরের বছরের দুর্গাষষ্ঠী। জেনে নিন ২০২৭ সালে কবে পড়েছে দুর্গাপুজো, সেই হিসেবে ঠিক করুন, কবে থেকে শুরু করবেন পুজোর প্রস্তুতি।
২০২৭-এ মহালয়া পড়েছে ৩০ সেপ্টেম্বর। পিতৃপক্ষের অবসান হয়ে তার পরের দিন থেকে দেবীপক্ষের সূচনা হবে। পরের দিন ১ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন, তাঁরা সে দিন থেকেই পুজো শুরু করবেন।
দুর্গাপুজোর নির্ঘণ্ট ২০২৭ (দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে)
মহালয়া: ৩০ সেপ্টেম্বর ২০২৭, বৃহস্পতিবার
মহাষষ্ঠী: ৫ অক্টোবর ২০২৭, মঙ্গলবার
মহাসপ্তমী: ৬ অক্টোবর, বুধবার
মহাষ্টমী (প্রথম): ৭ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী (দ্বিতীয়): ৮ অক্টোবর, শুক্রবার
মহানবমী: ৯ অক্টোবর, শনিবার
বিজয়া দশমী: ১০ অক্টোবর, রবিবার
আগামী বছর সপ্তমী বুধবার পড়ায় ২০২৭-এ দেবীর আগমন হবে নৌকায়। শাস্ত্রমতে, দেবীর আগমন যদি নৌকায় হয়, তার ফল ‘শস্য বুদ্ধিস্তথাজলম’। অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনোবাঞ্ছা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।
আগামী বছর বিজয়া দশমী রবিবার পড়ায় ২০২৭-এ দেবীর গমন হবে গজ অর্থাৎ হাতিতে। শাস্ত্রমতে, গজ দেবীর উৎকৃষ্টতম বাহন। তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনের ইচ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ।
সামনের বছর এই বছরের মতো পুজোয় অতিরিক্ত একদিন পাওয়া যাবে। চারদিন নয়, পাঁচদিন ধরে মা থাকবেন আমাদের ঘরে। দুর্গাপুজোর ক’দিন পরেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়। ২০২৭-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়বে ১৪ অক্টোবর। কালীপুজো পালিত হবে ২৮ অক্টোবর। তার তিন দিন পরে ৩১ অক্টোবর ভাইফোঁটা।
