আজ বিজয়া দশমী। চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে দশমী পূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনের এ আয়োজনে শেষ হবে সনাতন ধর্মের সর্ববৃহৎ দুর্গাৎসব।
বুধবার (২১ অক্টোবর) দেশের প্রতিটি মণ্ডপে সকালে চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এরপর অপরাজিতা পূজা, দশোপচারে দেবীর আরাধনা, গণেশসহ অন্যান্য দেবদেবীর পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলে সমাপনপর্ব।
পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ ও ঘট বিসর্জনের পর শুরু হয় দেবীবরণের আয়োজন। এ সময় বিবাহিত নারীরা একে একে দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন এবং মিষ্টিমুখ করিয়ে তাঁকে বিদায় জানান। এরপর একে অপরের কপালে ও মুখে সিঁদুর মাখিয়ে উদ্যাপন করেন সিঁদুর খেলা।
সিঁদুর খেলার এই আয়োজনে দেবীর কাছে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন নারীরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবীর চরণে নিবেদিত সিঁদুর ঘরে সংরক্ষণ করলে সংসারে মঙ্গল ও সমৃদ্ধি আসে। তাই দেবীর আশীর্বাদ নিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার প্রত্যাশা নিয়ে বিজয়া দশমী উদ্যাপন করছেন ভক্তরা।
ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায়ের সুরে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। সেই সঙ্গে আগামী বছর আবারও দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন তাঁরা।
