যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ছয়টি জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের গ্যাস স্থাপনা, জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় দেশজুড়ে ৩৩ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন কোনো হামলা চালায়নি, অথচ রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ করেছে। তাঁর মতে, এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি একধরনের জবাব।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উক্রিনফর্মের তথ্য অনুযায়ী, রুশ হামলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ইজিউম শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতভর পশ্চিম ইউক্রেনের জ্বালানি ও রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়।
সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো জানায়, রুশ হামলায় জ্বালানি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে নতুন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ওপর অতিরিক্ত চাপ কমাতে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এসব হামলা থেকে বোঝা যায়, রাশিয়া জ্বালানি খাতে যুদ্ধবিরতি মেনে নিতে আগ্রহী নয়।
সোমবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দারনিৎস্কি জেলায় ২৫ তলা একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানে। শহরটির মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ড্রোন হামলার পর ভবনটির আঙিনায় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
রোববার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে জেলেনস্কি বলেন, প্রস্তাবিত সমঝোতার বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না।
যদিও তিনি যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানান। তাঁর মতে, যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে উদ্যোগ নিয়ে রাশিয়াকে শর্ত মেনে চলতে বাধ্য করতে পারলে এটি যুদ্ধ অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বলেছেন বলেই তারা রাজি হয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। তাঁর ভাষায়, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যানই প্রমাণ করে যে এটি একটি বিপর্যয়।
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেন যে সাময়িক স্বস্তি পেতে পারে, দেশটি তার যোগ্য নয়।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে উভয় দেশের জ্বালানি উৎপাদন ও সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করে এমন স্থাপনাগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। অন্যদিকে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলাকে মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থায়ন সক্ষমতা কমানোর প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন জেলেনস্কি।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, আসন্ন শীতের আগে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণাধীন তেল ও গ্যাস স্থাপনায় ইউক্রেনের ২৭৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিবিসি ভেরিফাই। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১২৪টি।
