Published on
:
1 min read
এই সময়: এশিয়ান গেমসে পাওয়া তিনটে পদকই ভারতীয় সেনা বাহিনীকে উৎসর্গ করলেন শুটার নীরু ধান্দা। ভারতীয় শুটিংয়ে এ বার নয়া নজির গড়েছেন নীরু। ভারতীয় সেনা বাহিনীর নায়েব–সুবেদার পদে কর্মরত নীরু প্রথম ভারতীয় ট্র্যাপ শুটার হিসেবে ব্যক্তিগত বিভাগে সোনা পান।
নীরু ব্যক্তিগত বিভাগে সোনা পাওয়ার পাশাপাশি মিক্সড ট্র্যাপ টিমেও সোনা পান কিয়ান চেনাইকে জুটি করে। আর রুপো পান মেয়েদের ট্র্যাপ টিমে। সোমবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে নীরু বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে ভারতীয় সেনায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেশের জন্য নিবেদিত। তাই শুধু শুটিং রেঞ্জে নয়, দেশের যে কোনও দরকারে ঝাঁপিয়ে পড়তে রাজি।’
তিনি বলেছেন, ‘এশিয়ান গেমসে আমার পাওয়া তিনটে পদকই আমি উৎসর্গ করছি দেশের সেনাবাহিনীকে।’ যোগ করেন, ‘যে সমস্ত সেনা দেশের সীমান্ত পাহারা দেন পরিবারকে ছেড়ে, জীবন বাজি রেখে, তাঁদের প্রতি স্যালুট। এঁরাই আমার ভালো খেলার প্রেরণা।’
নীরুর সামনে নভেম্বরে শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপে শুধু পদক জেতা নয়, এই টুর্নামেন্ট থেকেই পাওয়া যাবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কোটা। আমার লক্ষ্য, সেই কোটা অর্জন করা।’