রাজধানীর শ্যামলীতে স্ত্রীসহ ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ।
আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্য মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ঘটনার শিকার সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে একটি অটোরিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি শিশু মেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী সাংবাদিক শুভ’র স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়। ঘটনার সময় শাহজাহান আকন্দ শুভ’র স্ত্রী হাতের একটি আঙুলে আঘাত পেয়েছেন। ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।
