খুলনা গেজেট অক্টোবর ১৬, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিতে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে বিজিবির সহায়তায় ভারতের অভ্যন্তর থেকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভারতের আকুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন মিকিরপাড়া সীমান্ত দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে তাদের লক্ষ্য করে এক ভারতীয় খাসিয়া ব্যক্তি গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে খালেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতীয় এক খাসিয়া ব্যক্তির গুলিতে খালেদ আহমদ ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা বিএসএফকে অবহিত করে। তবে বিএসএফ ঘটনার দায় অস্বীকার করেছে। পরে স্থানীয় বাংলাদেশিরা বিজিবির সহায়তায় শুক্রবার বেলা ২টার দিকে ভারতের অভ্যন্তর থেকে খালেদের মরদেহ দেশে নিয়ে আসেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউপি সদস্য।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা ঘটনার খবর পেয়েছেন। স্থানীয়রা মরদেহ নিয়ে এসেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা থানায় ফিরলে বিস্তারিত জানা যাবে।
তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলেও জানান তিনি।
এ দিকে এ বিষয়ে জানতে ১৯ বিজিবি অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
খুলনা গেজেট/এএজে
