জন্ম থেকেই তার দুটি হাত নেই, তবে সেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এক অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে জীবনসংগ্রামে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর আলতাফ হোসেন, যিনি এলাকায় ‘দুঃখু মিয়া’ নামে সুপরিচিত। পা দিয়ে লিখেই শেষ করেছেন শিক্ষাজীবন। চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেও যখন সুযোগ মেলেনি, তখন হতাশ না হয়ে নিজের পৈতৃক জমিতে গড়ে তুলেছেন বিদ্যালয়। সেখানে এখন ১৪৫ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তিনি। অদম্য এই মানুষটির স্বপ্ন পূরণে এবং ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সোমবার (১২ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন’ পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান প্রত্যক্ষ করেন এবং আলতাফ হোসেনের আত্মত্যাগের গল্প ও সংগ্রাম সম্পর্কে বিশদ খোঁজখবর নেন। একই সঙ্গে দুঃখু মিয়ার এই প্রাথমিক বিদ্যাপীঠটিকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপান্তরের জন্য যাবতীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া কেবল নরসিংদীর নন, তিনি পুরো বাংলাদেশের গর্ব। শারীরিক সীমাবদ্ধতাকে তুচ্ছ করে নিজের কর্মস্পৃহা ও মানসিক শক্তিতে তিনি আজ এখানে পৌঁছেছেন। তিনি হেরে যাননি, থেমে যাননি। সমাজের অপরাপর মানুষের জন্য তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক। তার এই প্রশংসনীয় উদ্যোগে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।
পরিদর্শনের অংশ হিসেবে সবুজ পরিবেশ গড়ার লক্ষে সরকারি ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে আলতাফ হোসেনকে বিশেষ আর্থিক অনুদান প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্মগ্রহণ করেন আলতাফ হোসেন। জন্ম থেকেই হাত না থাকায় দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে তার ডাকনাম রাখেন ‘দুঃখু মিয়া’। তবে নামের মতো দুঃখকে তিনি জীবনে চেপে বসতে দেননি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা এবং ইউনিয়ন পরিষদ সচিব লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
