ইরানের অবকাঠামোয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালালে হরমুজ প্রণালির তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবলগুলো ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিকবিষয়ক উপকমান্ডার জাভানি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের অবকাঠামোর ক্ষতি করার চেষ্টা করলে তেহরান স্বাভাবিকভাবেই তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
বুধবার (২১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে তার সাক্ষাৎকারটি ভাষান্তর করা হয়।
ইয়াদোল্লাহ বলেন, ইরান সহজেই প্রতিপক্ষের সম্পদে আঘাত হানতে পারে। এর মধ্যে হরমুজ প্রণালির পানির নিচ দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবলও রয়েছে। এসব ক্যাবল ধ্বংস করা হলে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্রদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি হরমুজ প্রণালি। জ্বালানি পরিবহনের পাশাপাশি এই অঞ্চলের পানির নিচের যোগাযোগ অবকাঠামোও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। সেখানে থাকা সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ ও আঞ্চলিক ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
