ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, রোববারই (২৫ অক্টোবর) হামলা চালানো হতে পারে। তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তিনি ভালোভাবেই সামলেছেন। এখন হয়তো তাঁকে ‘কাজটা শেষ করতে’ হবে, অথবা ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তবে তেহরান শেষ পর্যন্ত সমঝোতায় রাজি হবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
ইরানে হামলার সময়সূচি জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, আবার দুই দেশের মধ্যে একটি বড় ও ভালো চুক্তিও হতে পারে। তাঁর দাবি, যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।
এর আগে শুক্রবার এক সমাবেশে ইরানে আবারও ‘লিটল এপিক ফিউরি’ অভিযান চালানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের নাম ছিল ‘এপিক ফিউরি’।
ট্রাম্পের নতুন বক্তব্যে ইরানে আবারও মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর বক্তব্য থেকে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময় নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
