গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা করা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।
অগ্নিকাণ্ড পুরো কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে বের হতে গিয়ে দুইজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে কারখানার শ্রমিক সাদেক হোসেনের (৩৮) নাম জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত সাদেককে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার (ইউনিট-২) চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুইজন আহত হন। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ঢাকার উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরের আরও ১০টি ইউনিট তাদের সাথে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরো ৭ ইউনিট কাজে যোগ দেয়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল সাড়ে ১০টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও কাজ করছেন। এ ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
