এবার আদালতে নেশামুক্তির ডাক! কলকাতা হাই কোর্ট সহ জেলা আদালতগুলিতে সিগারেট, পান ও গুটখা বন্ধ করতে উদ্যোগী কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এই সংক্রান্ত প্রস্তাব জানিয়ে ইতিমধ্যেই জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠিয়েছেন তিনি।
তবে এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জোন বা ধূমপান করার জায়গা করার প্রস্তাব দিয়েছেন। আইনজীবীদের একাংশ বলেছেন, সরকারি এলাকায় আইন অনুযায়ী সিগারেট, পান ও গুটখা নিষিদ্ধ। সেই আইন বাস্তবায়িত করতে চাইছেন প্রধান বিচারপতি। পান-গুটখা নিষিদ্ধ করার পাশাপাশি আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ প্রোটোকল মেনে চলার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। কোর্টে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তিকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির দেওয়া প্রস্তাবে উল্লেক করা হয়েছে, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় নিয়ে বৈঠকের পরেই সিদ্ধান্ত নিক। সেই সিদ্ধান্ত লিখিতভাবে জানালে তারপরেই প্রধান বিচারপতি সমস্ত আদালতে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার নির্দেশিকা জারি করবেন। সেই সঙ্গে পান-গুটখা-সিগারেটের ক্ষেত্রেও জেলা আদালতগুলির মতামতে প্রাধান্য দেবেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর থেকে নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্য়ে ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালুরঘাট থেকে নিউটাউন, লাখে লাখে নিষিদ্ধ কফসিরাপে বুলডোজার চালিয়ে দিয়েছেন খোদ প্রশাসনিক প্রধানই। এবার আদালত চত্বরকে যে কোনওরকম নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত রাখতে উদ্যোগী খোদ প্রধান বিচারপতি। জেলা আদালতের বিচারকের চিঠি পাঠিয়ে সেই প্রস্তাবই জানানো হয়েছে।
