সিলেট ভয়েস ডেস্ক · ১৪ অক্টোবর, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে তাঁদের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় যানজটের সৃষ্টি হলে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার মারা যান।
গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গুগলে আমাদের খবর পেতে
