চতুর্থ উইকেটের দেখা পেতে দিনের প্রথম সেশনের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এরপর বাংলাদেশকে সাফল্য এনে দেন ইবাদত হোসেন। দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচে নবম ডিসমিশাল করে বিশ্বরেকর্ড গড়েন লিটন। সেই লিটনেরই এবার হাত ফসকালো। পঞ্চম উইকেট থেকে বঞ্চিত হলো বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবি টেস্টের শেষ দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে আফগানিস্তান। এখনো তারা পিছিয়ে ২৫৮ রানে। বাংলাদেশের দরকার ৬ উইকেট। ২৫৯ বলে ৮৩ রানে অপরাজিত আছেন সেদিকুল্লাহ অটল আর ৪৪ বলে শুণ্য রানে ইসমাত আলম।
গতকাল ব্যাটিংয়ে নেমে ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছেন আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য ড্র করা। সুযোগ এসেছিল সেই অটলকে ফেরানোর। কিন্তু সেটি ঠিকঠাক করতে পারলেন না লিটন।
তাইজুল ইসলামের বলে এগিয়ে এসেছিলেন সেদিকুল্লাহ। বলটা সামান্য টার্ন করে ভেতরে ঢুকেছিল, বাড়তি বাউন্সও ছিল। স্টাম্পিংয়ের সুযোগ পেলেও বলটা হাতেই জমাতে পারেননি লিটন। তার এই ভুলের মাশুল কতটা গুনতে হয় বাংলাদেশকে সেটাই দেখার অপেক্ষা।
মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সাফল্য এক উইকেট
শেষ দিনের শুরুতে আফগানিস্তানের হয়ে প্রতিরোধ গড়ছিলেন সেদিকুল্লাহ অটল ও হাশমতুল্লাহ শাহিদি। তবে চোটের কারণে বেশিক্ষণ ব্যাটিং চালিয়ে যেতে পারেননি শাহিদি। মেহেদী হাসান মিরাজের করা ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিতে গিয়ে ফিল্ডারের থ্রো পায়ের প্যাডে লাগলে অস্বস্তিতে পড়েন তিনি। ২০ রান করা এই ব্যাটারকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন ফিজিও। পরে ফিজিওর সহায়তায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শাহিদি। তার জায়গায় উইকেটে আসেন ইকরাম আলীখিল।
এক প্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন অটল। ১৬৬ বল খেলে অর্ধশতক পূর্ণ করেন এই আফগান ওপেনার। তার সঙ্গে জুটি গড়ে ইকরামও বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। তবে ইবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে ইকরাম ফিরে যাওয়ায় কিছুটা স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
