Published on
:
2 min read
বছরভর নানা কারণে চর্চায় থাকে পতৌদি পরিবার। তাঁদের জীবনের ছোট ছোট গল্পেও মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি, বলিউড অভিনেতা সইফ আলি খান তাঁর স্ত্রী অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন। কপিল শর্মার এই শোয়ে সইফ আলি খান তাঁর জীবনের বেশ কিছু মজার ঘটনা তুলে ধরেছেন।
সইফ আলি খানের রসবোধে বরাবরই মুগ্ধ ভক্তেরা। মাঝেমধ্যেই ভাইরাল হয় তাঁর পরিবারের নানা মুহূর্ত। অভিনেতা তাঁর সন্তানদের স্কুলের একটি মজার ঘটনা এ বার প্রকাশ্যে আনলেন। সইফ জানান, তিনি মাত্র ২০ বছর বয়স থেকেই তাঁর সন্তানদের পিটিএম-এ (অভিভাবক-শিক্ষক মিটিং) যোগ দিয়ে আসছেন। সইফ আলি খানের এই মজার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল। ভক্তেরাও অভিনেতার রসবোধের প্রশংসা করেছেন।
অভিনেতা তাঁর স্ত্রী করিনা কাপুরের সঙ্গে নেটফ্লিক্সের শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন। যে অনুষ্ঠানে দম্পতি ভক্তদের সঙ্গে তাঁদের জীবনের মজার কিছু ঘটনা ভাগ করে নেন। সঞ্চালক কপিল শর্মা তাঁদের জিজ্ঞেস করেন তাঁদের সন্তানদের পিটিএম-এ দু’জনের মধ্যে কে যায়? সইফ তখনই একটি মজার ঘটনা প্রকাশ্যে আনেন। অভিনেতা বলেন, ‘আমার সব প্রজন্মের সন্তান আছে। ফলে আমি ২০ বছর বয়স থেকেই পিটিএম-এ যাচ্ছি।’
তাঁর কথায়, ‘যখন আমার বয়স ২০ ছিল, তখন আমি সারার পিটিএম-এ যেতাম এবং আমিই ছিলাম সর্বকনিষ্ঠ বাবা। এখন, ৫৫ বছর বয়সেও আমি আমার অন্য সন্তানদের পিটিএম-এ সেই একই স্কুলে যাই। শিক্ষকেরা বদলে গিয়েছেন, কিন্তু আমি আমার সন্তানদের পিটিএম-এ সেই একই স্কুলে যাওয়া চালিয়ে যাচ্ছি।’ এ কথা শুনে হাসতে শুরু করেন কপিল শর্মাও। সইফের এই মজার মন্তব্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, সইফ আলি খানের চার সন্তান। তাঁর প্রথম স্ত্রী অমৃতা রাওয়ের দুই ছেলেমেয়ে সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। পরবর্তীকালে, অমৃতার সঙ্গে ডিভোর্সের পরে করিনা কাপুরকে বিয়ে করেন সইফ এবং তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ। তবে সব সন্তানদের কাছেই সইফ ভীষণ ভাবে জনপ্রিয়।
