যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘হুইলচেয়ারে একা একটা মানুষ। তাঁর সামনে হঠাৎ এসে চিৎকার করে ‘টেররিস্ট’, ‘ট্রেইটর’ বলে দিলেন, আর তাঁর মান-সম্মান চলে গেল! কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা!’
হেনস্তাকারীদের ফ্যাসিস্ট খুনি শাসকের দোসর উল্লেখ করে তিনি বলেন, ‘হৃদয়ে বাকশালধারী সুশীল বাবুরা, ভালো করে শোনেন। আপনারা সুদূরতম কল্পনাতেও বুঝতে পারবেন না, ড. ইউনূস কতটা শ্রদ্ধেয় মানুষ সারা পৃথিবীতে। তার কাজ কতোটা অনুকরণীয় হয়েছে সারা বিশ্বে। এমনকি আপনাদের প্রিয় ভারতেও! ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশন ডেকে কাকে সম্মানিত করা হয়েছিল, মনে আছে?’
শেখ হাসিনার সাথে ড. ইউনূসের ক্ষমতার তুলনা করে তিনি লেখেন, ‘আপনাদের মালকিন বা প্রভুদের দৌড় রাষ্ট্রদূত পর্যন্ত। আর ড. ইউনূসের জন্য হৃদয় উন্মুক্ত নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটসের! আমি নিজে শক্তিশালী রাষ্ট্রপতি, রাজা-রানি আর করপোরেট দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের দেখেছি তাঁর সান্নিধ্যে আপ্লুত হতে। তাকে তন্ময় হয়ে শুনতে।’
তিনি আরও লেখেন, ‘আপনি, সাদামাটা একটা জীবন যাপন করা মানুষ, ড. ইউনূসকে সন্ত্রাসী বলে হাঁক দিলেন, মিথ্যে গালাগালি করলেন—এতে তাঁর কী ক্ষতি হবে? সূর্যের দিকে ঢিল ছুড়ে মারলে কি হয়? কতটা আলো আড়াল হয় তাতে?
গাধার দল!’
