অনলাইন ডেস্ক
আজ রোববার ভোর থেকে রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের আরও কয়েকটি বিভাগেও বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীতে আজকের বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হবে না।
সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। রবীন্দ্র সরোবর, কমলাপুর স্টেশনের সামনে, মিরপুর–২ এর দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শেওড়াপাড়া, বসুন্ধরা সিটি শপিং মলের পেছন ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় পানি জমে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজ রোববার রাজধানীসহ রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। গতকাল শনিবারের প্রচণ্ড গরম আজকের বৃষ্টিতে কিছুটা প্রশমিত হয়েছে। তবে মেঘমালা রাজধানী থেকে সরে গিয়ে টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের দিকে চলে গেছে।
সাগরে তিন দিন আগে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেওয়া হলেও প্রভাব সীমিত ছিল মূলত দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায়। ভারতের উপকূলীয় অঞ্চলেই এর প্রভাব বেশি পড়েছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার সাগরে নতুন করে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
নতুন লঘুচাপের কারণে শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যা দুই দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে এবারের প্রভাবও ভারতের উপকূলে বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনার কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
