প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে দেখা হয়েছিল অভিনেত্রী স্মিতা জয়করের। তিনি পেশায় উপশমকারীও। অবসাদজনিত চিকিৎসার জন্য সেই সময়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুশান্ত। অবসাদ উপশমের জন্যই স্মিতা দেখা করেছিলেন অভিনেতার সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী। একই সঙ্গে সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী রিয়া চক্রবর্তী কী ভাবে তাঁকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, সে কথাও জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে স্মিতা জানান, রিয়ার অনুরোধেই সুশান্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ‘সোনালি কেবল’ ছবিতে রিয়ার সঙ্গে কাজ করেছিলেন স্মিতা। সেই সূত্রেই অভিনেত্রীর সঙ্গে তাঁর পরিচয়। স্মিতার কথায়, ‘‘সুশান্তের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়েছিল। অবসাদের চিকিৎসার জন্য যখন ও বান্দ্রার হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিল, তখন আমি ওকে দেখতে গিয়েছিলাম। ওর আরোগ্যের জন্য বিশেষ পদ্ধতিতে চিকিৎসাও করেছিলাম। রিয়াই আমাকে ফোন করেছিল।’’
সুশান্তের সঙ্গে সেই সাক্ষাতের স্মৃতিচারণ করে স্মিতা জানান, তাঁর সঙ্গে বেশ হাসিখুশি ভাবেই কথা বলেছিলেন অভিনেতা। এমনকি স্মিতার পরামর্শে একটি আশ্রমে গিয়ে বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করাতেও রাজি হয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
স্মিতা বলেন, ‘‘রাতে রিয়া আমাকে মেসেজ পাঠায়, ‘ও আবার অস্থির হয়ে পড়ছে।’ ওর মানসিক অবস্থা আবার টালমাটাল হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত আর আশ্রমে যাওয়া হয়নি সুশান্তের। আমার ইচ্ছা ছিল, ও যদি এক বার আসত!’’
সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর মনে কী প্রতিক্রিয়া হয়েছিল, তা-ও জানিয়েছেন স্মিতা। অভিনেতার মৃত্যুতে আক্ষেপ হয়েছিল তাঁর। সুশান্ত কেন আর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, সেই প্রশ্নও তাঁর মনে এসেছিল। অভিনেতা আবার তাঁর কাছে এলে হয়তো তাঁকে সাহায্য করতে পারতেন বলেও মনে করেন স্মিতা।
পাশাপাশি, সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকাকালীন রিয়া তাঁকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন তিনি। স্মিতার মতে, সুশান্তের পাশে দাঁড়াতে চেয়েছিলেন রিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু ঘিরে সেই সময়ে বিস্তর জলঘোলা হয়েছিল। মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছিল রিয়ার নাম। কিন্তু স্মিতার মতে, রিয়া আসলে সুশান্তকে সারিয়ে তোলারই চেষ্টা করছিলেন।
