ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থান নয় বরং নৈতিকতা, মানবিকতা এবং মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা-১৩ আসনের এই সাংসদ। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আর ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমিও আনন্দিত। এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যার সমাধানে জনপ্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এলাকার গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এমআরআর/ আরএএস
