বাগেরহাট প্রতিনিধি।।
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রবিবার দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—মো. মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কোস্ট গার্ডের একটি দল শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চার জেলেকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের জিম্মি করে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা।
