প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
কর্তৃপক্ষ জানায়, উইসকনসিন ডেলস থেকে পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেকস্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়; তখন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।
গতকাল বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল নিচে নামার অনুমতি দেয়; এরপর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে সেই বাঁক নেওয়ার গতি বা হার দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ও ট্র্যাকিং ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।
সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা।
