চাঁদপুর: চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ৬০টি রিং জাল ও ৫ হাজার ফুট কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (১৮ অক্টোবর) ডাকাতিয়া নদীতে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সহকারী মৎস্য কর্মকর্তার কার্যালয় ও শাহরাস্তি থানা পুলিশ।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ডাকাতিয়া নদীতে চায়না রিং জাল দিয়ে ছোট মাছ নিধনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ ৬০টি রিং জাল ও ৫ হাজার ফুট কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ডাকাতিয়া নদীর মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার ও ইলেক্ট্রিক শক দিয়ে মৎস নিধন বন্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/
