ভ্রমণপিপাসু বাঙালির কাছে পাহাড় মানেই শান্তির আশ্রয়। সময়ের সঙ্গে সঙ্গে অফবিট এলাকাগুলোর জনপ্রিয়তা বাড়ছে। সেই তালিকায় জুড়েছে কালিম্পং জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং। প্লাস্টিকমুক্ত এই গ্রাম দিন দিন আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠছে। মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ অরণ্য এবং পাহাড়ি নদীর সৌন্দর্যে ঘেরা এই গ্রাম ইতিমধ্যেই পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ইয়েলবংয়ের বিখ্যাত রিভার ক্যানিয়ন এই এলাকার অন্যতম প্রধান আকর্ষণ।
পুজোর আগে কিংবা পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? ইয়েলবং হয়ে উঠতে পারে আপনার ডেস্টিনেশন। ইতিমধ্যেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সেখানে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। রয়েছে টেন্টে থাকার ব্যবস্থাও। বাগরাকোট এলাকার জনপ্রিয় লুপ পুল থেকে ইয়েলবংয়ের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত এই গ্রাম পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ক্যানিয়নে ট্রেকিংয়ের জন্যও বহু পর্যটক আসছেন। পাহাড়, জঙ্গল আর নদীর অপূর্ব মেলবন্ধন পর্যটকদের বাড়তি আকর্ষণ তৈরি করছে।

ঘুরতে আসা পর্যটকদের কথায়, ইয়েলবংয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। সেখানকার খাবারও অর্গানিক। পাশাপাশি ইয়েলবং থেকে খুব কাছেই রয়েছে লাভা, লোলেগাঁও-সহ একাধিক পর্যটনকেন্দ্র। ফলে একসঙ্গে একাধিক জায়গা ঘুরে দেখার সুযোগও রয়েছে পর্যটকদের। স্থানীয় হোমস্টে মালিক, গোপাল ছেত্রী বলেন, “পুজো শুরু আগেই পর্যটকদের ভিড় বাড়ছে। এখানে দেখার যেমন অনেক কিছু রয়েছে, তেমনি বিভিন্ন পাখি দেখতে পাওয়া যায়।”
