পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ মাদক ট্যাবলেট সেবনের অভিযোগে মাসুম বিল্লাহ (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ জেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝগ্রাম এলাকায় নিষিদ্ধ মাদক ট্যাবলেট সেবনের সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী মাসুম বিল্লাহকে আটক করেন। পরে তাকে বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
The post বোদায় নিষিদ্ধ মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড appeared first on ভোরের চেতনা.
