একটি আধুনিক বিমানবন্দর কেবল যাত্রী ওঠানামার জায়গা নয়, এটি প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো ও বহুমুখী ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত কেন্দ্র। যাত্রীসেবা থেকে শুরু করে নিরাপত্তা, পরিচালনাগত দক্ষতা এবং সহায়ক বাণিজ্যিক কার্যক্রম-সব ক্ষেত্রেই প্রযুক্তির কার্যকর ব্যবহার একটি বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে পারে।
এই বাস্তবতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রযুক্তি ও পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড।
এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন, সহায়ক অবকাঠামো এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে গবেষণা ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।
প্রযুক্তিনির্ভর সেবায় গুরুত্ব
আধুনিক বিমানবন্দরে প্রযুক্তির ব্যবহার এখন আর শুধু যাত্রীদের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়। যাত্রীসেবা, তথ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, অবকাঠামোর কার্যকর ব্যবহার এবং বিভিন্ন সেবার মধ্যে সমন্বয়-প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে এসব কার্যক্রমকে আরও দক্ষ করা সম্ভব।
এআইইউবি ও থ্রিলিফের এই উদ্যোগে বিমানবন্দরের পরিচালনাগত দক্ষতা বাড়ানো, প্রযুক্তিনির্ভর সেবার সুযোগ চিহ্নিত করা এবং অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বিমানবন্দরকে ঘিরে গড়ে উঠতে পারে এমন সহায়ক সেবা ও ব্যবসায়িক উদ্যোগের সম্ভাব্যতাও যাচাই করা হবে।
এই অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে প্রযুক্তি খাতের অভিজ্ঞতার সমন্বয়। এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার গবেষণার মাধ্যমে পরিচালনাগত ও ব্যবসায়িক বিষয়গুলো মূল্যায়নে ভূমিকা রাখবে। অন্যদিকে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত জ্ঞান ও শিল্পখাতের অভিজ্ঞতা এ উদ্যোগে যুক্ত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।
থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বিমানবন্দরের প্রযুক্তি ব্যবহার, সেবার মানোন্নয়ন, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিমানবন্দরকেন্দ্রিক সহায়ক সেবা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগের মূল্যায়নেও সহযোগিতার বিষয়টি উঠে আসে।
