
লন্ডন থেকে সংবাদদাতা : যুক্তরাজ্যে গৃহহীন ও দারিদ্র্যপীড়িত মানুষের পুনর্বাসন, জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বিতা অর্জনে সহায়তার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘হোমলেস পোভার্টি রিলিফ ফাউন্ডেশন’। মঙ্গলবার (২০ অক্টোবর) লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারোনেস উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গৃহহীনতা ও দারিদ্র্য মোকাবিলায় পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ক্রয়ডনের সাবেক কাউন্সিলর ও মেয়র শেরওয়ান চৌধুরী অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গৃহহীন ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের পুনর্বাসন এবং স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করতে ফাউন্ডেশনটি কাজ করবে বলে জানানো হয়। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক উন্নয়নের জন্য গঠিত ব্যবস্থাপনা কমিটিতে রয়েছেন রফিকুল হায়দার, নিজামুল হক নোমজুল, রাফেল উদ্দিন, আবুল হুসাইন ও সাফওয়ান চৌধুরী।
অন্যদিকে, উপদেষ্টা পরিষদে রয়েছেন টনি লেটস, এমবিএ; ইয়াওয়ার খান; ব্রিজ কালিয়া, জেপি; এবং কাউন্সিলর সদরুজ্জামান খান। ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও যোগাযোগ কাজে লাগিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের পুলিশবিষয়ক মন্ত্রী ও এমপি সারাহ জোনস, এমপি নাতাশা আয়রনস এবং ডেপুটি লেফটেন্যান্ট কর্নেল রে উইলকিনসন।
এছাড়া উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা শাবাব উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, দৈনিক জনমত-এর সাবেক সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সাংবাদিক মাহবুব রহমান।
ফাউন্ডেশনটির এ উদ্যোগ যুক্তরাজ্যে গৃহহীনতা ও দারিদ্র্য মোকাবিলায় মানবিক সহায়তা সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই পুনর্বাসনের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
