ওষুধের দোকানে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সকালে পাঞ্জাবে খুন হন এক সমাজকর্মী। এবার ইয়েস ব্যাঙ্কের অমৃতসর ব্রাঞ্চের ভিতরেই লোন ম্যানেজারকে গুলি। লেনদেন নিয়ে বচসার পরেই সটান বন্দুক বের করে গুলি চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই ম্যানেজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ গগনদীপ সিং জানান, ব্যাঙ্কের কয়েক জন গ্রাহকের সঙ্গে লেনদেন নিয়ে মতদ্বন্দ্ব ছিল ব্যাঙ্কের লোন ম্যানেজারের। মঙ্গলবার দুপুরে দু’ থেকে তিনজন ব্যাঙ্কে ঢোকে। এরপর উভয়পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এক সময় হাতাহাতি হয়। এরপরই এক ব্যক্তি আচমকা গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন লোন ম্য়ানেজার গৌরব।
গুলি চালানোর পরেই তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয় গৌরবকে। পুলিশ ঘটনার তদন্ত নেমে খোঁজ করছে অভিযুক্তদের। ব্যাঙ্কের এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
