মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার (৫৫) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর শহরের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সেলিম হাওলাদার নিজের প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় তাঁতিবাড়ি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি রেকারের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শহীদ বাদল সড়কের বাঘেরপাড় এলাকার নাজেম হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএ
