উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে এটি সর্বসাধারণের কষ্টার্জিত অর্থ। জনগণের এই অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের কল্যাণ ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে দিকে সবাইকে বিশেষ মনোযোগ দিতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের সেবা করার এক বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। সৃষ্টিকর্তা প্রদত্ত এই সুযোগকে মানুষের সেবায় কাজে লাগানো উচিত। যার যতটুকু কাজ করার সামর্থ্য রয়েছে, সততা ও আন্তরিকতার সঙ্গে তা পালন করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব পালনের সুযোগ আজীবন থাকে না। তাই যে পদে যিনি যখন থাকবেন, তাঁকে সেই সুযোগ দেশ ও জাতির সার্বিক উন্নয়নে কাজে লাগাতে হবে।
কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের যেকোনো নীতি ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় আবারও বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে কর্মকর্তাদের খোলামেলাভাবে অভিজ্ঞতা ও গঠনমূলক মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।
উক্ত পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
