চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রেলকোচগুলো দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে।
শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসার কথা রয়েছে। শুক্রবার প্রথম চালানে ১৮টি রেলকোচ বাংলাদেশে এসেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর পর্যায়ক্রমে আরো ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।
নতুন কোচগুলো লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। এর মধ্যে তিনটি এসি চেয়ার কোচ, এসি বার্থ, লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে।
ভারতের রেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের প্রতিনিধি দল দর্শনা রেলবন্দরে এসে রেলকোচগুলোর প্রথম চালান বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, ডিভিশনাল ট্রাফিক অফিসার (বাণিজ্যিক) হাছিনা বেগমসহ ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে।
The post প্রথম চালানে দেশে পৌঁছালো ভারত থেকে কেনা ২০০ রেলকোচের ১৮টি appeared first on লোকসমাজ.
