হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত সরকারের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ‘সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী সরকার প্রয়োজন মনে করলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করতে পারে। এ ক্ষমতাবলেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর বিভিন্ন সনাতনী নেতা ও বিশিষ্টজনের সমন্বয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে। নবগঠিত বোর্ডে নিপুণ রায় চৌধুরীসহ অন্য বিশিষ্টজনেরা রয়েছেন।’
তিনি জানান, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাস্টের আগের কমিটির সদস্য দীপক কুমার পালিত হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। রিটে তার যুক্তি ছিল, আগের ট্রাস্টি বোর্ডের ৩ বছরের মেয়াদ এখনো শেষ হয়নি। তাই মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত আইনসম্মত নয়।
ওই রিটের শুনানি নিয়ে গত ১৩ অক্টোবর হাইকোর্ট বিভাগ নতুন ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। ফলে নবগঠিত বোর্ডের কার্যক্রম নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আদেশ দেন। ফলে নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
