অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, দুর্গাপূজা ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী দায়িত্ব নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেবে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
