সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুক প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জয়া আহসানকে ধরা দিয়েছেন রয়্যাল ব্লু জাম্পস্যুটে। ছবি প্রকাশের পরপরই তাঁর লুকের প্রশংসায় মন্তব্যের ঘর ভরে ওঠে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান।


বিভিন্ন ফটোশুটে নানা ধরনের পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি। এবারের সাজেও ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন।
অভিনেত্রীর পরনের এই আউটফিটের অন্যতম আকর্ষণ একপাশের কাঁধে থাকা কাটআউট নকশাসহ ওয়ান-শোল্ডার অ্যাসিমেট্রিক নেকলাইন।

নিচের অংশে রয়েছে ফ্লেয়ার্ড ট্রাউজার্স। রয়্যাল ব্লু স্যাটিনের উজ্জ্বল টেক্সচার পুরো পোশাকটিতে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।

সঙ্গে মেকআপে ন্যুড ও গ্ল্যাম ধাঁচ বেছে নিয়েছেন জয়া। চোখে ছিল সফট স্মোকি টাচ, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার আর ঠোঁটে ন্যুড শেডের লিপকালার ।চুল একপাশে সিঁথি করে সফট কার্লে ছেড়ে রেখেছেন তিনি। এতে কাঁধের কাটআউট নকশাটিও স্পষ্টভাবে ফুটে উঠেছে।
জয়া পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে জুয়েলারি রেখেছেন মিনিমাল। পোশাকের বোল্ড রঙের সাথে সামঞ্জস্য রেখে জয়া ভারী কোনো গহনা বেছে নেননি।


তাঁর কানে শোভা পাচ্ছে নজরকাড়া মেটালিক হুপ ইয়াররিংস । এছাড়া হাতে ব্রেসলেট এবং আঙুলে পরা স্টেটমেন্ট রিং তাঁর পুরো লুকে একটি নিখুঁত ফিনিশিং টাচ দিয়েছে।
ছবি : ইন্সটাগ্রাম
