কালবেলা · আন্তর্জাতিক
বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির ‘প্রকৃত কারণ’ জানালেন জেলেনস্কি
১৫/১০/২০২৬

বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রকৃত কারণ হরমুজ প্রণালিকে ঘিরে সংকট বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন হামলার কারণে এ সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ টক শো ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, হরমুজ প্রণালিই দাম বেড়ে যাওয়ার প্রকৃত কারণ।
তিনি আরও বলেন, সারা বিশ্ব বিষয়টি সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারছে। সবাই এ বিষয়ে শতভাগ নিশ্চিত, এমনকি ৯০ শতাংশও নয়।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে দুইজনের, আহত হয়েছেন আরও ২১ জন। নয়তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি তাপবিদ্যুৎকেন্দ্রও। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, হামলার আগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো সতর্কবার্তা পায়নি কিয়েভ।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের অবস্থা গুরুতর।
হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
জেলেনস্কি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তাপবিদ্যুৎকেন্দ্র নম্বর ৪। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗