দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০২:৪৬ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান টিপু সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আদালত প্রাঙ্গনে এসে রাজনীতি করতে চাচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচরাকে পুনর্বাসন করতে চান। নারায়ণগঞ্জের মানুষ এ অভিলাষ পূর্ণ করতে দিবে না। যারা আদালতপাড়ায় স্লোগান দিয়েছেন তাদের প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করা হবে। যদি আগামীতে গ্রেপ্তারে কোন ধরনের ছাড় দেওয়া হয় ও ব্যর্থ হয় তাহলে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।
১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে।
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন। ওই সময়ে কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
এ ঘটনার পর আইভীর আইনজীবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।
১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে, অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
