নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচাবাজার এলাকার কাপড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে আনন্দ প্রকাশ করে ওই পর্যটক বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি।’
নাটোর সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ভুক্তভোগী পর্যটক ক্রিল ল্যান্ডার কালবেলা অনলাইনকে বলেন, ‘রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি, কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।’
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় ট্রেনের আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি ছেলে অন্তর কুমার সাহার সঙ্গে আলোচনা করে পুলিশকে খবর দেন। অন্তর কুমার সাহা জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গেও যোগাযোগ করেন।
এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে ক্রিল এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। পরে ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ স্টেশনে গিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। পুলিশ জানায়, ফুটেজে হলুদ রঙের কটি পরা এক যুবককে ওই পর্যটকের সঙ্গে সখ্য গড়ে তুলতে দেখা যায়। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবক।
ল্যাপটপটি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জার্মান পর্যটক। তবে ব্যাগে থাকা ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
